সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড হাউজিংয়ের পিছনে আটিপাড়া গ্রামে গত বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সম্রাট ফুড প্রোডাক্টসের প্যাকেজিং ফ্যাক্টরিতে মধ্যরাত ৩টায় একদল ডাকাত সুকৌশলে ডাকাতির চেষ্টা করে। স্থানীয় সূত্র মতে জানা যায়, ঈদের ছুটিতে যখন মানুষ বাড়ি চলে যায়, এই সুযোগে ডাকাত গ্রুপ ফ্যাক্টরির জানালার থাই গ্লাস খুলে গ্রিল ভাঙার চেষ্টা করেন। ঠিক তখনই শব্দে পাশ্ববর্তী প্রতিবেশীদের ঘুম ভেঙে গেলে ডাকাত দল তা বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
তথ্য সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে ২৩শে মার্চ পুনরায় একই ঘটনা ঘটে। পরে মহল্লার প্রতিবেশী মানুষ আওয়াজ পেয়ে চিৎকার করলে, তৎক্ষণাৎ ডাকাত দল পিকআপ নিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু পরিচিত ছিনতাইকারী ও ডাকাত দল এই ঘটনা ঘটাতে পারে।
স্থানীয় সূত্র মতে আরও জানা যায়, একই ডাকাত দল বিভিন্ন সময় এলাকার বিভিন্ন বাসা-বাড়ি ও মিল-ফ্যাক্টরিতে এই ডাকাতির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এবং বিগত সময়ে এই ডাকাতির কাজে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
গত এক বছর আগেও সম্রাট ফুড প্রোডাক্টসের প্যাকেজিং ফ্যাক্টরি থেকে মেশিনের মোটর ও কোম্পানির মালামালসহ প্রায় এক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
তথ্য মতে আরও জানা যায়, ফ্যাক্টরির মালিক একজন গণমাধ্যমকর্মী। তাই তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।