অভিযোগ তদন্তে ঘুষ দাবি এসআইয়ের বিরুদ্ধে

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি অভিযোগের তদন্তে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন সম্প্রতি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন মদনগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ২০২৫ সালের ২৩ আগস্ট পানা উল্লাহ ও মারিয়া নামের দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরদিন, ২৪ আগস্ট তিনি তদন্তের অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তা এসআই সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

ভুক্তভোগীর দাবি, ওই সময় এসআই সোহেল তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। আনোয়ার হোসেন জানান, তিনি একজন দরিদ্র মানুষ হওয়ায় এত টাকা দেওয়া সম্ভব নয় বলে জানালে সংশ্লিষ্ট কর্মকর্তা তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরবর্তীতে বাধ্য হয়ে তিনি ৫০০ টাকা প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে টাকা দেওয়ার পরও তদন্তে কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী। বরং সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছেন এবং তাকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ার হোসেন নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পরিবর্তে ঘুষ দাবি ও হয়রানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে। তিনি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *