খসরু মৃধা:
গাজীপুর মহানগরের পূবাইলের মিরের বাজার রেলগেট এলাকায় একটি দ্রুতগতির মাইক্রোবাসের চাপায় মোসা: আসমা আক্তার (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। মাইক্রোবাসের নম্বর ঢাকা মেট্রো ঘ-৫৩৯৫১৬।
নিহত ওই নারী গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে পূবাইলের মিরের বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে মিরের বাজার রেলক্রসিং এলাকায় উল্টো পথে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস শিশু সহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয় এবং দুই শিশু গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।