বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ মো. নয়ন চৌধুরী (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই ১১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন চৌধুরী মেম্বারপাড়ার রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া এবং মৃত অরুণ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার এসআই (নিরস্ত্র) রহিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মেম্বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রঞ্জিত চৌধুরীর ভাড়াটিয়া বাসার সামনে থেকে নয়ন চৌধুরীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, গ্রেপ্তারকৃত নয়ন চৌধুরী এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, বান্দরবানকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের নেটওয়ার্ক ধ্বংসে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *