নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এলাকার পশ্চিম গেইট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের বিভিন্ন থানা ও সংশ্লিষ্ট এলাকায় খবর পাঠানো হয়েছে, যাতে কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছে কি না তা যাচাই করা যায়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *