মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ৪৭তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের প্রথম দিনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা ক্বারী বদরুল ইসলাম। দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল মন্নান এবং কৈয়ারবিলপাড়া ও নয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হোছাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ সাইফুল কবির চৌধুরী।
মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। চলতি শিক্ষাবর্ষে পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করায় ৬ জন কৃতি শিক্ষার্থীকে দস্তারবন্দী ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রধান মেহমান হযরত মাওলানা আ.ক.ম ছাদেক হোসাইন তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী নূরুস সোলতান, মাওলানা সালেম আজীজী, খতিব ইসলাম হযরত মাওলানা আলমগীর আজীজী, মাওলানা শামসুল আলম, মাওলানা আইয়ুব আনসারী ও মাওলানা আকবর আহমদসহ দেশবরেণ্য আলেমগণ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসার উন্নয়নে বিশেষ অবদান রাখায় দুবাই প্রবাসী ও খাদেম মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হুজুর এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি ঘটে।