কাটাখালী-মনিপুরঘাট-বাসুরদিয়ার উন্নয়নে ইউপি সদস্য প্রার্থী ফরিদ মিয়ার বার্তা

বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর যশোদল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড—মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়া এলাকার ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. ফরিদ মিয়া আসন্ন নির্বাচন উপলক্ষে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

তিনি ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এলাকার দীর্ঘদিনের নানা অবহেলা দূর করে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ওয়ার্ডের সার্বিক প্রেক্ষাপট ও নির্বাচনী জনসংখ্যার কথা উল্লেখ করে মো. ফরিদ মিয়া জানান, মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়া নিয়ে গঠিত ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮৪১ জন এবং নারী ভোটার ১ হাজার ৭৯৯ জন।

তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে একটি ওয়ার্ডের উন্নয়ন, সংস্কার ও সামগ্রিক কল্যাণে ভূমিকা রেখে এটিকে একটি মডেল ও সমৃদ্ধ ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন জনগণের আন্তরিক ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমুখী সদিচ্ছা এবং পরিবর্তনের দৃঢ় স্বপ্ন ও প্রতিজ্ঞা।

উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মেম্বার পদপ্রার্থী মো. ফরিদ মিয়া তাঁর বক্তব্য ও প্রধান প্রতিশ্রুতিসমূহ তুলে ধরেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা প্রধান অগ্রাধিকার: মো. ফরিদ মিয়া বলেন, “আমাদের ১ নম্বর ওয়ার্ডের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। দেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি প্রত্যন্ত গ্রামেও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অথচ মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়ার কোমলমতি শিশুরা দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এই সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদানসহ আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। শুধু আপনারা আমার পাশে থেকে সেবা করার সুযোগ করে দেবেন।”

টেকসই যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন: তিনি বলেন, “ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে। বর্ষাকালে জলাবদ্ধতা দূর করতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

সরকারি অনুদান ও সামাজিক নিরাপত্তার সুষম বণ্টন: মো. ফরিদ মিয়া বলেন, “বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ভিজিডি কার্ডসহ সব সরকারি সুযোগ-সুবিধা কোনো ধরনের স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিদের হাতে পৌঁছে দেব—আপনাদের কথা দিলাম।”

মাদকমুক্ত ও কল্যাণমুখী সমাজ গঠন: তরুণ ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করার কথা উল্লেখ করে তিনি বলেন, “মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়াকে পুরোপুরি মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা আমার একমাত্র লক্ষ্য।”

তিনি আরও বলেন, ওয়ার্ডের যেকোনো নাগরিক সমস্যা সমাধান, সনদপত্র প্রদান ও জরুরি সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং তাদের মেম্বারকে সবসময় পাশে পান—সে লক্ষ্যেই তিনি জনগণের সেবার সুযোগ চেয়ে তাদের মাঝে হাজির হয়েছেন।

পরিশেষে, ১ নম্বর ওয়ার্ডের সার্বিক পরিবর্তন, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের এই যাত্রায় মনিপুরঘাট, কাটাখালী ও বাসুরদিয়া এলাকার সব পুরুষ ও নারী ভোটারের মূল্যবান সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মেম্বার পদপ্রার্থী মো. ফরিদ মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *