টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে মৌলবী গফুরের ছেলে রাসেলের বিরুদ্ধে কোস্ট গার্ড কর্তৃক দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
আজ দুপুর ৩টার দিকে টেকনাফ মডেল থানার সামনে প্রধান সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাসেলের স্বজনরা।
মানববন্ধনে মৌলবী গফুরসহ বক্তারা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে একটি মহল পরিকল্পিতভাবে রাসেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। তারা বলেন, রাসেল সম্পূর্ণ নিরপরাধ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।
বক্তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে রাসেলের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় ২৫ এপ্রিল ২০২৬, শনিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ৩টি দেশীয় অস্ত্রসহ রাসেল নামক এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।