মোহাম্মদ হোসেন হ্যাপী:
“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”— এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ. এফ. এম. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সিফাত উদ্দিন এবং নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক। উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। হাইড্রোলিক হর্ন, নির্মাণকাজের বিকট শব্দ, সাউন্ডবক্সের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে।”
তিনি আরও বলেন, “আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করে সেখানে শব্দদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সুস্থ জীবনের জন্য শব্দদূষণ কমানো অপরিহার্য।”
তিনি আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, গাড়িচালক-শ্রমিকদের প্রশিক্ষণ, স্কুল পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন এবং নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপনের কার্যক্রম আরও জোরদার করা হবে।