নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিনভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়াবাসহ ধরা পড়েছেন জালকুড়ি মাতব্বর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাইদুল, প্রকাশ সাইফুল এবং একই এলাকার সিকদারবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মোঃ নাইম ইসলাম। ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছেন জালকুড়ি কড়ইতলা এলাকায় বসবাসরত ফিরোজ মিয়ার ছেলে আপেল মাহমুদ। এছাড়া চুরির মামলায় জমতলা কদমতলী এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আহসান কবীর এবং ওয়ারেন্ট মূলে বাগানবাড়ি এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরা হয় এবং বাকিদের বিভিন্ন মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এই অভিযান প্রসঙ্গে জানান যে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই নিয়মিত কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।