এস এম কিবরিয়া করিম:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লক্ষ টাকা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নিরব (২০), পিতা মোঃ ফোরকান হাওলাদার, মাতা মোসাঃ আছমা বেগম এবং মোঃ রুবেল মৃধা (৩০), পিতা মোঃ বজলু মৃধা, মাতা মোসাঃ নাছিমা বেগম। তারা উভয়ই দশমিনা থানাধীন বহরমপুর ইউনিয়নের বগুড়া ওয়ার্ড নং-০৩ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দশমিনা থানাধীন বহরমপুর ইউনিয়নের বগুড়া সাকিনস্থ নবাব কাচারী বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ তালিকা মূলে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,০০,০০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, মোঃ নিরব এসএসসি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আরও কয়েকজনকে নিয়ে একটি মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও পাওয়া গেছে, যা এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছিল বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় দশমিনা থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।