মোহাম্মদ হোসেন সুমন:
সড়ক-মহাসড়ক ও রেললাইনের পাশ ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী পশুর হাট এখন জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণহীনভাবে বসানো এসব হাটে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহনের সমাগম ঘটছে। ফলে তীব্র যানজট, অনিরাপদ যাতায়াত এবং দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একেবারে পাশেই পশু কেনাবেচার কারণে যানবাহনের গতি কমে যায়। অনেক সময় হঠাৎ পশু সড়কে উঠে পড়ায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে পথচারী, চালক ও যাত্রীদের জীবনের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
অন্যদিকে, রেললাইনের পাশ ঘেঁষে বসা হাটগুলো আরও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। ট্রেন চলাচলের সময় অসচেতন মানুষের ভিড় ও পশুর চলাচল বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করছেন।
পরিবহন ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সড়ক ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব পশুর হাট নির্দিষ্ট, পরিকল্পিত ও নিরাপদ স্থানে স্থানান্তর করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রশাসনের কঠোর নজরদারি এবং বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সচেতন মহলের দাবি, জনস্বার্থে অবিলম্বে সড়ক-মহাসড়ক ও রেললাইনের পাশ থেকে ঝুঁকিপূর্ণ পশুর হাটগুলো অপসারণ করে পরিকল্পিত স্থানে স্থানান্তরের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।