মোঃ রাকিব হোসেন ভূঁইয়া:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় হোসেন্দী খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী স্কয়ার ইলেকট্রনিক্স কোম্পানি সংলগ্ন এলাকা থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই কর্মসূচিতে কর্মক্ষম দরিদ্র মানুষদের কম মজুরিতে দৈনিক কাজের বিনিময়ে অর্থ প্রদান করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কৃষকদের ভাগ্য উন্নয়ন ও কৃষির উন্নয়নে জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেন। এর সুফলও সেই সময় কৃষকরা পেয়েছিলেন। এর ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কথা চিন্তা করে খাল খনন ও পুনঃখনন শুরু করেছেন। এর সুফল সারাদেশের ন্যায় গজারিয়ার কৃষকরাও পাবেন।
তিনি আরও বলেন, কোনো ফসলি জমির মাটি কাটা যাবে না। তবে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। আমার দলের কেউ বিএনপির নাম ভাঙিয়ে এসব কাজ করতে পারবে না।
জানা যায়, বাস্তবায়িত হোসেন্দী ভবানীপুর আনোয়ার জুট মিল থেকে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির ব্যয় প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। ৪০ দিনের এই কর্মসূচিতে শ্রমিকরা কাজ করবেন এবং প্রতিদিন ৫০০ টাকা মজুরি পাবেন।
বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মিনহাজুল আলম পিপিএম।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম এবং গজারিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।