হাটহাজারী প্রতিনিধি:
পৌরবাসীর সহজলভ্য সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং হাটহাজারী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিনকে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে হাটহাজারী পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ইউএনও আবদুল্লাহ আল মুমিনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে জানা গেছে। এতে পৌরসভার সেবা কার্যক্রমে শৃঙ্খলা ফিরবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনিরুল আলম জনী বলেন, পৌর এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির উদ্যোগে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, এই উদ্যোগের ফলে হাটহাজারী পৌরবাসীর সেবা প্রাপ্তি সহজ হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।”
স্থানীয়দের অনেকেই মনে করছেন, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার ফলে পৌরসভার অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় গতি আসবে, সেবার মান উন্নত হবে এবং দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।