স্টাফ রিপোর্টার:
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক শেখ আনোয়ারকে গ্রেফতারের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার (১০ মে) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সচেতন সাংবাদিক সমাজ’ এর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন, গত ৪ মে গভীর রাতে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের নেতৃত্বে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই সাংবাদিক শেখ আনোয়ারকে তাঁর নিজ বাসা থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করে।
বক্তারা এই ঘটনাকে ‘ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিক নির্যাতনের স্পষ্ট উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, একজন সংবাদকর্মীকে এভাবে মধ্যরাতে আটক করা শুধু ব্যক্তিগত অধিকার লঙ্ঘন নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
তাদের অভিযোগ, এ ধরনের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতি ও দমন-পীড়নের পরিবেশ তৈরি করছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।
‘সচেতন সাংবাদিক সমাজ’ আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি প্রকাশ করে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক জাকির হোসেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ডিইউজে’র সদস্য হুমায়ুন কবির, কবির হোসেন টিটু, ফটো সাংবাদিক এম খোকন শিকদার, তাজউদ্দিন আহমেদ, নুরুল আফসার, রাসেল আহমেদ, বাবুল দাস লালা, জেসমিন জুঁইসহ আরও অনেকে।
বক্তারা একযোগে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাও হুমকির মুখে পড়বে।