অবৈধ নির্মাণ উচ্ছেদে রাজউকের মোবাইল কোর্ট অভিযান: সূত্রাপুর-গেন্ডারিয়ায় আইনের কঠোর বার্তা

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর অবৈধ ও অননুমোদিত নির্মাণ নিয়ন্ত্রণে মাঠে নামল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (১১ মে) সকাল ১০টায় পুরান ঢাকার সূত্রাপুর ও গেন্ডারিয়া মৌজা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংস্থাটির জোন-৭/১। নগরীর বিভিন্ন প্রান্তে অপরিকল্পিত ও বেআইনি স্থাপনার বিরুদ্ধে রাজউকের এই অভিযান নগর শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অভিযানের নেতৃত্বে যাঁরা,

মহাখালীর বীর উত্তম একে খন্দকার রোডে অবস্থিত ইউআরপি ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় রাজউক জোন-৭/১-এর কার্যালয় থেকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. লিটন সরকার। অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো. ইলিয়াস এবং সহকারী অথরাইজড অফিসার হিসেবে ছিলেন জনাব মেহেদী হাসান শাকিল।

এ ছাড়া প্রধান ইমারত পরিদর্শক হিসেবে জনাব মো. বেলায়েত হোসেন এবং ইমারত পরিদর্শক হিসেবে জনাব মো. রাফিউল আলম অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

কেন এই অভিযান,

ঢাকা মহানগরীতে দিন দিন বেড়ে চলেছে অননুমোদিত ভবন নির্মাণ, অবৈধ সম্প্রসারণ ও নকশাবহির্ভূত স্থাপনা। পুরান ঢাকার সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে অপরিকল্পিত নির্মাণ নগর ব্যবস্থাপনার জন্য বিশেষ হুমকি হয়ে উঠেছে। রাজউকের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান এই অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজউকের অবস্থান,

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. জোবায়দুল ইসলাম জানান, নগর পরিকল্পনা ও ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজউক সর্বদা সচেষ্ট এবং রাজধানীর সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, অনিয়ন্ত্রিত নির্মাণকাজ রোধে রাজউকের এই উদ্যোগ রাজধানীর নাগরিক জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে শুধু মোবাইল কোর্ট নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নজরদারি ব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *