কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম:

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির মে-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী। গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম কর্মসম্পাদন কমিটির সভা।

সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রহমত উল্লাহ।

সভায় ২০২৪-২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহেশখালী কর্তৃক ব্যবহৃত মহেশখালী ডাকবাংলোর নিচতলার পাঁচটি কক্ষ বরাদ্দ বিষয়ে আলোচনা হয়।

সভায় ১৪৩৩ বাংলা সনের খেয়াঘাট, জোট ও চেঞ্জিং রুম-গণশৌচাগারের ইজারা প্রদান, চৌফলদণ্ডী খেয়াঘাট ও মহেশখালী আদিনাথ জেটির চলমান মামলা এবং উচ্চ আদালতে জেলা পরিষদের পক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া উখিয়া ও টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন খাস জমি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করে জেলা পরিষদের অনুকূলে বন্দোবস্ত প্রদানের বিষয়ে মতবিনিময় হয়।

সভায় কক্সবাজার জেলার ঈদগাঁও, টেকনাফ ও চকরিয়া উপজেলায় নতুন ডাকবাংলো নির্মাণ, মগনামা ঘাটের ইজারাদারের টোল হার নির্ধারণের আবেদন এবং সরকারের ২০২৬-২০৩০ মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলা পরিষদের অর্থায়নে জেলার ৯টি উপজেলায় এক হাজার বৃক্ষরোপণের বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া জেলার দুঃস্থ, অসহায় ও গরিব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে জেলা পরিষদ তহবিল থেকে অনুদান প্রদানের বিষয়ও সভায় গুরুত্ব পায়।

সভায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পরিষদ, কক্সবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *