এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-১২০৪ নম্বর একটি গাড়ি তল্লাশি করে ই-৩ সিটে থাকা যাত্রী অলি উল্লাহ (৩০)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তির পিতা মৃত আব্দুল আজিজ এবং তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, মিরসরাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দেরও এ কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।