মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজার জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) ইফা জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরান হোসাইন সজিব। ইফা কক্সবাজারের উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবরের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ইমাম বাছাই (লিখিত ও মৌখিক) পরীক্ষায় রামু সিকদারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মোস্তাক আহমদ প্রথম, চম্পাতলী পুরাতন থানা জামে মসজিদের পেশ ইমাম আবু মোতাহের দ্বিতীয় এবং চকরিয়া শাহ ওমর নগর মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মোঃ নজরুল ইসলাম তৃতীয় হয়েছেন।
উত্তীর্ণ ইমামদেরকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়েছে। তাদেরকে জাতীয় সম্মেলনের মাধ্যমে ক্রেস্ট এবং নগদ অর্থ সহায়তা প্রদান করবে ইসলামিক ফাউন্ডেশন। দ্বিতীয় অধিবেশনে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরান হোসাইন সজিব বলেন, ইমামতির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মতো কাজ করা দরকার। সে হিসেবে কৃষি, বনায়ন, মৎস্যচাষ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন ইত্যাদি কর্মমুখী কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের ফিল্ড অফিসার মোঃ ফজল করিম। হিসাবরক্ষক সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা সোলায়মান কাসেমী এবং জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইফার মাস্টার ট্রেইনার মাওলানা আমান উল্লাহ।