মোঃ মশিউর রহমান:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, টাঙ্গাইলকে আধুনিক নগরীতে রূপান্তর করতে হলে ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধার করা জরুরি।
শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলকে একটি সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে জেলার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং এর মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অন্যায়, অবিচার ও অনিয়ম অনেকাংশে কমে আসবে।
তিনি দ্রুত সময়ের মধ্যে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সংস্কৃতি চর্চার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, “টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা দরকার। আমরা চাই টাঙ্গাইল হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ নগরী।”
অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব উদযাপন কমিটির সভাপতি কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, গীতিকার ও সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।