এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন এলাকায় পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক ঘটনায় ৭০ বছর বয়সী এক পিতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক হিসেবে তার ৪০ বছর বয়সী পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ১৫ মে ২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে। জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় আবু আহম্মদ ডিলার (৭০) এবং তার ছেলে ইব্রাহিম প্রঃ মিলন (৪০)-এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র অনুযায়ী, একপর্যায়ে কথা কাটাকাটি তীব্র আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ছেলে ইব্রাহিম প্রঃ মিলন তার পিতা আবু আহম্মদ ডিলারের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে অন্ডকোষসহ সংবেদনশীল অংশে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে আবু আহম্মদ ডিলার (৭০) মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ছেলে ইব্রাহিম প্রঃ মিলন (৪০)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।