বাবলু শেখ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হতে যাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ চনু মং।
তিনি বান্দরবান জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক মহলে জানা গেছে, বিগত দিনে একাধিক মামলা, হামলা ও গ্রেপ্তারের শিকার হয়েও তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ছিল নিয়মিত।
চনু মং বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি বারবার কারাবরণ করেছেন এবং বহু মামলার আসামি হয়েছেন। আন্দোলন-সংগ্রামের সময় নিরাপত্তাজনিত কারণে তাকে বন-জঙ্গল, আত্মীয়স্বজনের বাড়ি, জেলেদের নৌকা এমনকি গাড়িতে হেলপার সেজেও রাত কাটাতে হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ২০২৩ সালের ঢাকায় আন্দোলনের সময়ও তিনি বিভিন্নভাবে পুলিশের নজর এড়িয়ে কর্মসূচিতে অংশ নেন এবং পরে নিরাপত্তার কারণে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে বাধ্য হন। পরিবারের সঙ্গেও গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক মুহূর্তে থাকতে না পারার কথাও তিনি উল্লেখ করেন।
চনু মং দাবি করেন, তিনি কখনোই দলের কর্মসূচি থেকে পিছপা হননি এবং সবসময় স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে বিএনপির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন বলে জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন রাজনৈতিক সমীকরণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির সম্ভাব্য মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।