সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ মে দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনিতে জনৈক জাবেদের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। পরে ১৬ মে সকাল ৭টা ৪৫ মিনিটে ৪ নম্বর ওয়ার্ডের কাঁচপুর টার্নিং ঘাট এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতাররা হলেন— মোঃ ফরিদ (২৫), মোঃ রাব্বি (২৩), মোহাম্মদ শাকিল মিয়া (২৫), হাসিবুর রহমান জুবায়ের (২৯) এবং মোঃ ফাহিম (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামি মোঃ ফরিদের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *