রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

স্বাধিন সংবাদ প্রতিবেদন :

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আইনমন্ত্রী এ তথ্য নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিচার কার্যক্রম শেষ করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।”

গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে আত্মগোপনে থাকা প্রধান আসামি সোহেল রানাকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। অন্য আসামি এখনও পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রামিসাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। এছাড়া তিনি ম্যাজিস্ট্রেটের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দিয়েছেন।

এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা গ্রামের বাড়িতে তাকে দাফন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *