মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়া উপজেলায় ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি ভিজিএফ কার্ড জালিয়াতির মাধ্যমে নকল কার্ড তৈরি করে দরিদ্র মানুষদের সঙ্গে প্রতারণার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ৩নং খোশবাস (উত্তর) ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান ওরফে মনির (৩২), মোহাম্মদ শাহিন হোসেন (২৮), দেলোয়ার হোসেন (৩৭) এবং মেহেদী হাসান সুজন (৩৮)। তাদের সবার বাড়ি বরুড়া থানাধীন ৩নং খোশবাস (উত্তর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৩নং খোশবাস (উত্তর) ইউনিয়ন পরিষদ কর্তৃক ১,৮১০টি ভিজিএফ কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণের কার্যক্রম শুরু হয় গত ১৯ মে। বিতরণ কার্যক্রম চলাকালে ৬নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনিরের নির্দেশে তাঁর সহযোগীরা জালিয়াতির মাধ্যমে নকল ভিজিএফ কার্ড তৈরি করে অতিরিক্ত চাল আত্মসাতের অপচেষ্টা চালায়।
স্থানীয় জনসাধারণ বিষয়টি টের পেয়ে পুলিশকে অবহিত করলে ১৯ মে সকাল ৮টা থেকে দুপুর ৩টার মধ্যে এবং পরের দিন ২০ মে দুপুর ১২টায় ইলাশপুরস্থ ৩নং খোশবাস (উত্তর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে অভিযুক্ত চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সরকারি ত্রাণ সহায়তার নামে এ ধরনের প্রতারণা সমাজের সবচেয়ে অসহায় মানুষদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।