সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: জনসভায় তারেক রহমান

ময়মনসিংহ ব্যুরো :

সরকারের উন্নয়নমূলক সব পরিকল্পনা ব্যাহত করতে একটি মহল সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা থেকে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালের কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।

তারেক রহমান বলেন, “১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর কারণে একটি মহলের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সেই জ্বালা থেকেই তারা নানা ধরনের অস্থিতিশীল কর্মকাণ্ড করছে। তারা কৃষকের সমস্যা, খাল খনন বা কর্মসংস্থানের কথা ভাবছে না; বরং দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক।”

তিনি আরও বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের সঙ্গে ৫ আগস্টের পর বিতাড়িত কিছু শক্তির যোগসাজশ রয়েছে।

খাল পুনঃখনন কার্যক্রম প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ত্রিশালবাসীর জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। প্রায় ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার কৃষি ও জনজীবনে সমস্যা দেখা দেয়। আজ আমরা সেই খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছি।”

তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় ৪ লাখ ৩ হাজার কৃষক এবং প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন। ময়মনসিংহ জেলায় প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যা পর্যায়ক্রমে পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে—এটাই আমাদের লক্ষ্য।”

মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কিছু মহল অরাজকতা সৃষ্টি করে আইনের শাসন বাধাগ্রস্ত করতে চাইছে বলেও তিনি মন্তব্য করেন।

জনগণের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি—খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ প্রদান—সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।”

সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এসব উদ্যোগ একদিনে বাস্তবায়ন সম্ভব নয়, তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে ধাপে ধাপে সবই বাস্তবায়ন করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *