কক্সবাজার আদালত চত্বরে গুলি: মেম্বার লিয়াকত আলীকে লক্ষ্য করে হামলা, আহত ৫

কামরুল ইসলাম:

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মেম্বার লিয়াকত আলীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত চত্বরে এই ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দে আদালত এলাকায় থাকা আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার কিছু সহযোগীকে নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। মামলার কার্যক্রম শেষ করে তারা আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হন মহিউদ্দিন ও রণি নামের দুইজন স্বেচ্ছাসেবকদল নেতা। এছাড়া আরও তিনজন আহত হন। আহতদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে আদালত চত্বরে এমন প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *