মোসাদ্দেক হোসেন জুয়েল:
শাহরাস্তি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুন) বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক এমপি। সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শাহরাস্তি উপজেলার কোনো স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পাশাপাশি কোনো শিক্ষার্থী সন্ধ্যার পর বাসার বাইরে অবস্থান করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, শাহরাস্তি উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জনসেবামূলক কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী এবং যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিমসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
ক্যাপশন: শাহরাস্তিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।