কামরুল:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় বাসাবাড়িতে চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার গহনা, নগদ টাকা, পোশাকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে অভিযোগকারী নাফিয়া তাবাচ্ছুমের (২৪) সহকর্মী মোছাঃ আখি খাতুন (২১) তাঁর স্বামীসহ বোনের বাসায় কক্সবাজারে অবস্থানকালে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ভাড়া বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে যান। পরে সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন, অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
চুরি যাওয়া মালামালের মধ্যে অভিযোগকারী নাফিয়া তাবাচ্ছুমের নগদ ২০ হাজার টাকা, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৩ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১ আনা ওজনের একটি স্বর্ণের গলার লকেট এবং একটি স্বর্ণের নাকফুলসহ মোট ৭ আনা স্বর্ণালংকার ছিল। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
এ ছাড়া তাঁর সহকর্মী মোছাঃ আখি খাতুনের কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা নগদ ১৫ হাজার টাকা, ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের হাতের বালা, ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৬ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের নাকফুল চুরি হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
এ ছাড়া দেড় ভরি ওজনের এক জোড়া রুপার পায়ের নূপুর ও একটি ব্রেসলেট, যার মূল্য ৫ হাজার ২০০ টাকা এবং ৯টি ব্যবহৃত থ্রি-পিস ও একটি শাড়ি, যার মূল্য ২২ হাজার টাকা চুরি হয়। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মোট মূল্য ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় অভিযোগকারী থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতোয়ালী থানায় মামলা নম্বর ২৬, তারিখ ১৪ নভেম্বর ২০২৬, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
মামলার পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই আবদুল মোমেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তদন্ত ও অভিযান শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাকলিয়া থানাধীন ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—তাসলিমা আক্তার তাসু (২৩), মোছাম্মৎ রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) এবং মোঃ জামাল (৩৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেখানো ও শনাক্তমতে বিভিন্ন কক্ষ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে মোছাম্মৎ রিনা বেগম ও মোঃ জামালের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এক জোড়া স্বর্ণের হাতের বালা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তাসলিমা আক্তার তাসুর পায়ে পরিহিত অবস্থায় এক জোড়া রুপার তৈরি পায়ের নূপুর উদ্ধার করা হয়। তানিয়া আক্তার সাথীর শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে একটি রুপার তৈরি নূপুর ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে মোহাম্মদ ছাব্বিরের শয়নকক্ষের প্লাস্টিকের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা একটি সাদা শপিং ব্যাগের ভেতর থেকে ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর এবং একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় অবস্থান করে বিভিন্ন বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোছাম্মৎ রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনার বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় মামলা নম্বর ১৫ (১২) ২০২২, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড এবং ডবলমুরিং থানায় মামলা নম্বর ২৭ (০২) ২০২১, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে আরও দুটি মামলা রয়েছে।
চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নগরীর বাসাবাড়িতে চুরি প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সচেতন নাগরিকরা।