ঈদ-পরবর্তী কর্মস্থলমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ বিআরটিএর ব্যাপক তৎপরতা

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলমুখী মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেল। যাত্রীসেবা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে ঈদ-পরবর্তী সময়ে বিশেষ নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম ও ভিজিলেন্স টিমের তৎপরতা জোরদার করা হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাস টার্মিনালগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অতিরিক্ত ভাড়া আদায় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছে।

যাত্রীদের সচেতন করতে বিভিন্ন স্থানে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বাস ছাড়ার পূর্বে চালক ও সহকারীদের নিরাপদ যানবাহন পরিচালনা, নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক সিগন্যাল অনুসরণ এবং অতিরিক্ত যাত্রী বহন না করার বিষয়ে বিশেষ ব্রিফিং দেওয়া হচ্ছে।

এছাড়া দূরপাল্লার যানবাহনের ফিটনেস, ট্যাক্স টোকেন ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই কার্যক্রমও অব্যাহত রয়েছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে মোবাইল কোর্ট এবং বিশেষ মনিটরিং টিম সক্রিয় রয়েছে।

বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের কর্মকর্তারা জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে তারা নিরলসভাবে কাজ করছেন। যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়ক দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি যাত্রীদের যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য হেল্পলাইন ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম সচল রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের এই সময়োপযোগী উদ্যোগ সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কর্মস্থলমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *