মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ড বালাঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, চিনি, লবণসহ দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
এই মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সমাজসেবক মোঃ জাবেদ রেজা। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও সরাসরি উপস্থিতিতে পুরো কার্যক্রম পরিচালিত হয়।
জাবেদ রেজা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই ক্ষতি অত্যন্ত হৃদয়বিদারক। মুহূর্তেই বহু মানুষের জীবিকা, দোকানপাট ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-এর নির্দেশনায় আমরা সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাঁর নির্দেশনা অনুযায়ীই আজকের এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।”
তিনি আরও বলেন, এটি কোনো দয়া বা করুণা নয়, বরং রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে এবং পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় সহায়তা নিতে আসা স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে বলেন, অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তারা চরম অনিশ্চয়তায় ছিলেন। এমন সময় সহায়তা পেয়ে তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য সেলিম রেজা, সরোয়ার জামাল, চনুমং মার্মা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সফি উল্লাহ সফিসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও মহিলা দলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভবিষ্যতে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে বালাঘাটা/বাঘমারা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু দোকান ও বসতঘর পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।