কামরুল ইসলাম:
যে সমাজে গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না, সে সমাজ পিছিয়ে থাকে। সমাজ উন্নয়নে নিরলস অবদান রাখা ব্যক্তিরা কোনো কিছু প্রাপ্তির আশায় কাজ করেন না। কিন্তু তাঁদের স্বীকৃতি দিলে তা অন্যদেরও প্রেরণা জোগায়। এতে ভবিষ্যতে দেশ ও দেশমাতৃকার কল্যাণে কাজ করার আগ্রহ আরও বৃদ্ধি পায়। বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য, সাংবাদিক-সম্পাদক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার, ১২ জুন ২০২৬, বিকেল ৫টায় খুলশী থানাধীন ফয়েজ লেক নুরিয়া মাদ্রাসা গলির ৪ নম্বর রোডে সংবাদ প্রতিদিন-এর অফিসে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্মদিন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উপদেষ্টা ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ দেশবরেণ্য সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ও নির্ভীক সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সৈনিকদের অনৈক্য দেশকে আবারও সংকটের দিকে নিয়ে যাবে। ফ্যাসিবাদের পতনের পর সমুন্নত গণতন্ত্রের পতাকাকে পুনরায় লাঞ্ছিত করার অপপ্রয়াস চলছে। ব্যক্তিস্বার্থ ও সুবিধার ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। এই দায়িত্বের মাধ্যমে গরিব ও সাধারণ মানুষের কাছে ন্যায় ও সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। একজন সাংবাদিক চাইলে একটি মানুষের অনেক বড় ক্ষতি করতে পারেন, আবার চাইলে একজন মানুষকে ন্যায়ের পথে ফিরিয়েও আনতে পারেন। আশা করি, সাংবাদিক ভাইয়েরা এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এগিয়ে গেলে আপনারাও একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।”
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান আলোচক ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ বলেন, “যোগ্য ব্যক্তিকে যথাযথ সম্মান দিতে না পারলে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। শ্রদ্ধেয় মইনুদ্দীন কাদেরী শওকত বিশ্বদরবারে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তাঁর লেখনীর মধ্য দিয়েই তা প্রকাশ পেয়েছে। তিনি সাংবাদিক সমাজের মাঝে দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন। আমরা এই গুণীজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।”
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম সম্পাদক মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. অলিউল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন (মাসুদ), দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইন উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সোলায়মান, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, ফেইস দ্য পিপলস-এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি ওসমান এহতেসাম, স্বপ্নের বাংলা পত্রিকার প্রতিনিধি সৌরভ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মো. ফয়েজ আলী, আলী হাসান অপু, ৪২ নম্বর ওয়ার্ডের যুবনেতা আব্দুল খালেক ও আলী আকবর প্রমুখ।