হঠাৎ নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। নির্ধারিত কর্মসূচির এক ঘণ্টা আগেই হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

রবিবার (১৪ জুন) সকালে শহরের নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নবনির্মিত আইসিইউ বেড উদ্বোধনের আনুষ্ঠানিক কর্মসূচি থাকলেও মন্ত্রী সকাল ৯টার দিকে হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে প্রবেশের পর তিনি উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের নাম ধরে উপস্থিতি যাচাই করেন। এ সময় কয়েকজনের অনুপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক অসংগতি তার নজরে আসে। পাশাপাশি তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের সেবা কার্যক্রম এবং দায়িত্ব পালনের সামগ্রিক চিত্র সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ সময় সরদার সাখাওয়াত হোসেন বলেন,
“জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়।”

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের নবনির্মিত আইসিইউ বেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর আকস্মিক সফরের খবর ছড়িয়ে পড়ার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তাৎক্ষণিক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে, হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা স্বাস্থ্যসেবার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত হবে এবং অনিয়ম ও অবহেলা কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *