সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু

আব্দুর রশিদ:

সেবায় অনন্য—সবার জন্য এই ব্রতকে সামনে রেখে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের কাজল স্মরণীর পলাশপোল এলাকায় স্পন্দন হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাসপাতালের সিইও সাবের রেজা জাকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পন্দন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভালোবাসা ও উন্নত সেবার মনোভাব নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে। সেবার নামে কাউকে হয়রানি করা যাবে না। অযথা পরীক্ষা-নিরীক্ষা করিয়ে সেবা গ্রহীতাদের হয়রানি করা যাবে না। দুনিয়াবী সকল কাজে আল্লাহকে রাজি-খুশি করতে হবে। সেবার মতো সেবা করলে মহান আল্লাহ তায়ালা রাজি-খুশি হবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, স্পন্দন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান এবং বাইতুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তামিম হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্পন্দন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তামিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পন্দন হাসপাতালের ডিএমডি মো. ইসরাইল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *