মোহাম্মদ হোসেন সুমন:
সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মাগরিবের পর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) অন্তর্ভুক্ত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) (রেজি নং-চট্ট ২৫৭৫)-এর উদ্যোগে কক্সবাজার প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
জেইউসি’র যুগ্ম সম্পাদক ছৈয়দ আলমের সঞ্চালনায় এবং সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, “১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল। গণমাধ্যমের কণ্ঠরোধ করে যে ফ্যাসিবাদী আচরণের পরিচয় দেওয়া হয়েছিল, দেশের জনগণ তা কখনো ভুলে যায়নি।”
তিনি আরও বলেন, “সংবাদপত্র সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই কোনো স্বৈরাচারী শক্তি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে, তখনই তারা প্রথম আঘাত হেনেছে গণমাধ্যমের ওপর। তাই সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম হেলালী বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে কোনো রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য এম. জসিম উদ্দিন ছিদ্দিকী, সিনিয়র সদস্য ইমাম খাইর, নুরুল আমিন হেলালী, এম. এ. আজিজ রাসেল, সাংবাদিক আরোজ ফারুক, আমিনুল কবির, নুরুল ইসলাম, শাহেদ হোসাইন মুবিন, অন্তর দে বিশাল, আরিফুল কবির, নুর মোহাম্মদসহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৬ জুনের ঘটনাকে সংবাদপত্রের ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।