রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের আরও দুই দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের করা জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।

এর আগে একই মামলায় রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন।

তদন্ত কর্মকর্তা আদালতে রাকিবুলকে পুনরায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।

তদন্তের স্বার্থে ওই অডিওর নমুনা কণ্ঠস্বরের সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠস্বর তুলনামূলকভাবে পরীক্ষা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। এ জন্য তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও জানানো হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল করে রাকিবুল হাসানের জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবুল হাসানকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *