মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাড়ে তিন বছরের শিশু তাইফার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর ঘটনায় তার ফুফু নার্গিস আক্তারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত তাইফার বাবা-মা।
নিহত তাইফা সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টিপু খানের মেয়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
তাইফার বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের কী অপরাধ ছিল? মাত্র সাড়ে তিন বছরের ফুটফুটে শিশুকে আমরা হারিয়েছি। আমরা আমাদের মেয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
তারা আরও বলেন, একজন ছোট শিশুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিশু তাইফার মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও শোক বিরাজ করছে। পরিবারের দাবি, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তারা যেন ন্যায়বিচার পান, সে বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।