কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

আবু ইউছুফ রাবেত:

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চর বিনোদনপুর এলাকায় চরের জমি দখলকে কেন্দ্র করে ২ উপজেলার বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ জুন) সকাল থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ সময় ১০টি ঘরবাড়ি ভাঙচুর এবং একটি মুদি দোকান থেকে টাকা লুটের অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ওই চরভূমি নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা ও লিজ-সংক্রান্ত জটিলতা চলে আসছে। ১৯৯০ সালে মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দাদের কিছু জমি লিজ দেওয়া হলেও পরে ১৯৯৯ সালে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরা এলাকার বাসিন্দারাও একই ধরনের লিজ পান। এরপর থেকেই জমির দখল ও ভোগদখল নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

এলাকাবাসীর দাবি, জমিটি মূলত বাটেরা মৌজার অন্তর্ভুক্ত। সিএস ও এসএ রেকর্ডে আলীপুর গ্রামের কিছু ব্যক্তির নাম থাকলেও পরবর্তীতে বিএস রেকর্ডে তা সরকারি খাসজমি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় দুই উপজেলার পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *