দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

নাসির আহমেদ:

নড়াইলের পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ ‘ARGC ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২১ জুন, রবিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গলফ ফেডারেশন (বিজিএফ)-এর নির্বাহী সদস্য জনাব খবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌহিদা সুলতানা, চেয়ারম্যান, ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল কমিটি, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব সাব-কমিটি এবং জনাব ইমামুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, সাম্পান গ্রুপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইরফান আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব। প্রধান অতিথির বক্তব্যে খবির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আহ্বান অনুযায়ী গলফকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের গলফ প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গলফার তৈরি করা সম্ভব হবে এবং অরুনিমার শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের তারকা গলফার উঠে আসবে।

অন্যান্য অতিথিরা বলেন, দেশের প্রথম ও একমাত্র অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ বাংলাদেশের গলফ ও পর্যটন খাতে একটি অনন্য সংযোজন। এ উদ্যোগ গলফ ট্যুরিজমের বিকাশ, দেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অরুনিমার সামাজিক উদ্যোগ, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের গলফ প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের লাইফ মেম্বার ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল ইসলাম এবং ক্লাব প্রেসিডেন্ট জনাব খবির উদ্দিন আহমেদের পক্ষ থেকে ক্ষুদে গলফারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সদস্য ও গলফারদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সালাউদ্দিন ইউসুফ, জনাব মাহবুব আলম, জনাব সিরাজুস সালেকিন এবং সদ্য লিডস কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জনাব মারশাল আলম। এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথি, সাংবাদিক এবং অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *