মোঃ আনজার শাহ
উৎসবমুখর পরিবেশ, খেলোয়াড়দের নৈপুণ্য আর হাজারো দর্শকের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’। ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল।
বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ঘিরে সকাল থেকেই ক্রীড়ানুরাগীদের ভিড় জমে। কুমিল্লার ১৯টি উপজেলা দলের অংশগ্রহণে মাসব্যাপী চলা এই আসরের শেষ দিনে মাঠে ছিল উত্তেজনা আর আনন্দের ছড়াছড়ি। নির্ধারিত সময়ে ফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে জয় ছিনিয়ে নেয় আদর্শ সদর।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল অংশ নেওয়ায় এটি অত্যন্ত আনন্দ ও উৎসাহের। তিনি জানান, এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। তাঁর ভাষ্য, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে, যার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হবে। খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন, অর্থাৎ সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
ফাইনালে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ। আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রানার্সআপ চান্দিনা দলের মেহেদী।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।