কাশীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গুপ্ত হামলার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের কথিত গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কাশীপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিলে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাবলু, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, সহ-সভাপতি শাহীন কাদির, ফতুল্লা থানা বিএনপির নেতা নাজমুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, হিরা, শাকিল, আমির এবং কাশীপুর বিএনপির নেতা শরীফ, সোহেল, রাসেল, নূরনবী, মোস্তফা ও জিতুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় নাশকতা ও গুপ্ত হামলার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় বিএনপি নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তারা সকল ধরনের রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *