লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল কলেজছাত্রী সুমাইয়া জান্নাতের

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার বাসিন্দা মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তবে পরিবারের সঙ্গে তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পূরবী পরিবহনের বাসে থাকা সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সুমাইয়া চকরিয়া থেকে চট্টগ্রাম নগরীতে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *