
মাসুদুর রহমান ধামরাই
ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স সংলগ্ন ও আমিন মডেল টাউন কাঁচাবাজার সড়কে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি। এ সময় সড়ক ও জনপথ বিভাগ, মানিকগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।জানা গেছে, উচ্ছেদ অভিযানের বিষয়ে সাত দিন আগে সংশ্লিষ্ট দোকান মালিক সমিতিকে নোটিশ প্রদান করে সড়ক ও জনপথ বিভাগ। নোটিশের পর নির্ধারিত সময়ে অভিযান চালিয়ে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।অভিযান চলাকালে একপর্যায়ে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীদের একটি অংশ বাধা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এ সময় অভিযান পরিচালনাকারী লোবেট (ভেকু) চালকের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে চালকের মাথায় আঘাত লেগে তিনি রক্তাক্ত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি বলেন, “অভিযানে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।