কক্সবাজার স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে এক ব্যক্তির নিয়মিত যাতায়াত নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) রিফ্র্যাকশনিস্ট ফয়সাল আহম্মেদ (৩৫) এবং আরটিএম ইন্টারন্যাশনালের মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা ঋতু (২৮)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে মানবিক সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে অভিযোগ অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের আইনি অধিকার ও মর্যাদাও নিশ্চিত করা উচিত।