ভিসা ও এমআরপি পাসপোর্ট সংকট: দ্রুত সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

আবুধাবি, ইউএই:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা ও এমআরপি পাসপোর্ট সংকটের কারণে সৃষ্ট দীর্ঘদিনের দুর্ভোগ ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। এ সংকটের দ্রুত সমাধান এবং প্রবাসীদের আইনি অধিকার ও কর্মসংস্থান সুরক্ষার দাবিতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিক নেতারা জানান, নতুন ভিসা প্রাপ্তিতে জটিলতা এবং সময়মতো এমআরপি পাসপোর্ট নবায়ন না হওয়ায় হাজার হাজার বাংলাদেশি বৈধতার সংকটে পড়েছেন। অনেকেই অতিরিক্ত জরিমানার মুখোমুখি হচ্ছেন, চাকরি হারাচ্ছেন, ব্যাংকিং সেবা ও চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে প্রবাসীদের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের এই দুর্ভোগ দীর্ঘায়িত হওয়া উচিত নয়। সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
প্রবাসীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন রাষ্ট্রদূত তারেক আহমদ। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ভিসা ও পাসপোর্টসংক্রান্ত সমস্যার কারণগুলো চিহ্নিত করে সমাধানে দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে।
তিনি আরও জানান, আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই এ সংকটের সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাফায়াত উল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফানুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য এস এম করিম, শামসুল হক ও কাজী নাজিম উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *