মনজুর আলম:
কক্সবাজারের ঈদগাঁওতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।
সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংছিংনু মারমা। আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছ ও বনজ-ফলজ চারা, রোপা আমন ধানের চারা, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের বিতরণকৃত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে অধিক উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানান।