স্পোর্টস ডেস্ক ::
যুক্তরাষ্ট্রে চলমান তীব্র দাবদাহের কারণে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচসূচি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম উষ্ণতম ম্যাচ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো (FIFPRO) এবং ক্রীড়া বিজ্ঞানীরা খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচটি স্থগিত করার জন্য ফিফার প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। ম্যাচ চলাকালে ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ৩৭ দশমিক ৭৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে মাঠে অনুভূত তাপমাত্রা ৪৬ দশমিক ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
চলতি সপ্তাহের শুরুতে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালে তাপমাত্রা ৩২ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ফ্রান্সের খেলোয়াড়দের মাঠের জলকামান দিয়ে শরীর ঠান্ডা করতে দেখা যায়। যদিও ফিফা ম্যাচে কুলিং ব্রেক বা পানির বিরতির ব্যবস্থা রেখেছে, বিশেষজ্ঞদের মতে, এত তীব্র গরমে শুধু এই ব্যবস্থা যথেষ্ট নয়।
ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো এবং আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনের নির্দেশিকায় বলা হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিত করার বিষয়টি বিবেচনা করা উচিত।
ডার্টমাউথ কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক রায়ান ক্যালসবেক বলেন, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে উচ্চ আর্দ্রতার কারণে মানবদেহ স্বাভাবিকভাবে নিজেকে ঠান্ডা রাখার ক্ষমতা হারাতে শুরু করে। এতে অ্যাথলেটদের হিট স্ট্রোকসহ প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়।
অন্যদিকে, ইউনিভার্সিটি অব কানেকটিকাটের কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডগলাস কাসা বলেন, ফিফার বর্তমান নীতিমালা অনুযায়ী ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিত করা যেতে পারে। তবে তার মতে, এই মাত্রার তাপমাত্রা এতটাই বিপজ্জনক যে, মার্কিন সামরিক বাহিনীর বেসিক ট্রেনিং সেন্টারগুলোতে এ অবস্থায় ‘ব্ল্যাক ফ্ল্যাগ’ সংকেত জারি করে সব ধরনের প্রশিক্ষণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।