
স্টাফ রিপোর্টার:
মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আটক এক শীর্ষ মাদক কারবারীকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও কথিত শীর্ষ মাদক কারবারী পারভেজ বেপারীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তল্লাশির সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় খবর পেয়ে তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে এসে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আকস্মিক হামলার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ডিবি সদস্যদের। এরই মধ্যে সুযোগ নিয়ে সহযোগীরা পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম বলেন, পারভেজের কয়েকশ সহযোগী ঘটনাস্থলে জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সুযোগে পারভেজ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে।