কামরুল ইসলাম:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে হাঁটুসমান পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে কলেজের মাঠ, শ্রেণিকক্ষের সামনের অংশ এবং অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আয়োজন নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দিনের বৃষ্টিতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত এবং পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থীকে পানি মাড়িয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে বলে জানা গেছে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে সাতকানিয়ার বিভিন্ন এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো. আশিকুর রহমান জানান, কলেজ ক্যাম্পাসে পানি প্রবেশের বিষয়টি ইতোমধ্যে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষা বোর্ড বাস্তব পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে আশা করছি। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা স্থগিত করা হবে।’
এদিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কলেজ ক্যাম্পাসে পানি ওঠার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, কেন্দ্র পরিবর্তন কিংবা পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনার বিষয়ে শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা এখনো কাটেনি।
স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা।