গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নির্যাতনের পর হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটি উপজেলার এক গৃহবধূকে যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী এনামুল হক শাহিনকে আটক করেছে পুলিশ।

তবে ওই গৃহবধূর পরিবারের দাবি, নির্যাতন ও হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে স্বামী ও তার স্বজনরা।

পুলিশ জানায়, নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের গৃহবধূ শিরিন আক্তার তার স্বামী এনামুল হক শাহিনের সঙ্গে বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে গত মঙ্গলবার দিবাগত রাতে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই গৃহবধূর পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং তাকে হত্যা করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা—বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় স্বামী এনামুল হক শাহিনকে হেফাজতে নেওয়া হয়েছে।

গৃহবধূর বাবা শাহ আলম মোল্লা ও ভাই জাহিদ হোসেনের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে শিরিন আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী এনামুল হক শাহিন ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে ফের মারধরের একপর্যায়ে শিরিন আক্তারের মৃত্যু হয়। এরপর অভিযুক্ত স্বামী মরদেহ শোবার ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। পরে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এনামুল হক শাহিনকে আটক করে।

বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আল মামুন-উল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে থাকতে পারেন বলে পুলিশের সন্দেহ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এনামুল হক শাহিনসহ আরও দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *